Friday, 30 October 2020

|| কোজাগরী সংখ্যা ≈ বিভাবসু ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
বিভাবসু 


জলপরির জন্য অপেক্ষা 

যখন স্বপ্নগুলো খুব একা হয়ে যায়
যখন বেদনায় খুব করে ধ্বসে যেতে থাকি 
তখন তুই, আমার প্রিয় জলপরি, তুই 
ভেসে উঠিস উথাল রক্তস্রোতে
আদরে আদরে মুছে দিস সব ক্ষত,
সব যন্ত্রণা 
 
তোর আর আমার এই সাহচর্য, এই সখ্য 
এই অাদি-অন্তকালের পরিযান 
থামেনি, থামে না কখনো
সৃষ্টকথার প্রতিটি স্রোত জুড়ে
আমাদের এই অনন্ত ভাসান 

আজ হৃদয়জুড়ে জলশ্রাবণ, জলস্রবণ
আজ আরো এক দহনদিন 
হৃদয়ে গভীরতর উথাল-পাথাল 
আজো জেগে ওঠছে ধীমান এক প্রেমখেলা

কিন্তু কোথায় তুই!
কোথায় তোর ঝোড়ো হাওয়া?


|| কোজাগরী সংখ্যা ≈ সংঘমিত্রা রায়চৌধুরী ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
অণুগল্প~সংঘমিত্রা রায়চৌধুরী


মাতৃপূজা

"উঁ উঁ উঁ শিবে সব্বাত্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী উঁঁ উঁঁ উঁঁ নমোস্তুতে... এবারে মাকে পোণাম করে যার যা মনের ইচ্ছা সব জানিয়ে দাও... আর হ্যাঁ, কেউ কিন্তুক ফুল ছুঁড়বে না, সব্বাই এই প্যাকেটে ফুল জমা করো, আর হ্যাঁ, কেউ কিন্তুক ফুলের সাতেই দক্ষিণেটাও ঐ প্যাকেটে দিও নি য্যানো। এই নাও, ধরো, এই প্যাকেটে দক্ষিণে দাও, এই এদিকে এদিকে..." এগারো বছরের বাবলুই এবারে বীরপুরের দুর্গাপুজো উৎরে দিলো। মন্ত্রে নয় ভক্তিতে, নিষ্ঠায়।

বাবলুর বাবা পুরোহিতগিরি বাদেও চারটি বাড়তি রোজগারের আশায় ট্রেনে ধূপকাঠি ফেরি করতো।  লাইন পেরোতে গিয়ে ডাউন রাজধানীর তলায় পড়ে বাবলুর বাবাও ধোঁয়ায় মিশে গেলো... তাও হলো দেড়বছর। ভাগ্যিস নয় বছরেই বাবলুর পৈতেটা হয়েছিলো। তাইতো বীরপুরের পুজোটা এখন বাবলুই সেরে ফেলতে পারে। বাবলুর মা হাত পেতে সাহায্য নেবার মানুষ নয়। ভোগ রাঁধা থেকে শুরু করে মণ্ডপ পরিষ্কার... সবটাই একাহাতে সামলে নেয়। বীরপুরের মানুষও বাবলুর মায়ের মধ্যেই গণেশজননীকে খুঁজে নিয়েছে। মাতৃপূজার আসল উপচার যে ভক্তি

|| কোজাগরী সংখ্যা ≈ রঞ্জনা ভট্টাচার্য্য ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
অনুগল্প~রঞ্জনা ভট্টাচার্য্য



নির্বাসিত

'হ্যালো, নৈঃশব্দ্য আছে? '
--'এই নামে এখানে কেউ থাকে না'। 
'তাহলে চাঁদ বা জ্যোৎস্না? '
--'ইয়ার্কি হচ্ছে? ' কট করে লাইন কেটে দিল। 
এই নিয়ে সতেরো বার ফোন করলাম আমি। সতেরো রকমের প্রত্যাখ্যান। দু অক্ষর, চার অক্ষরের গালিও জুটেছে। কিন্তু, কাউকে আমি বোঝাতে পারছি না ,যে চাঁদ এবং জ্যোৎস্নাকে আমরা দেখি, তারা ঠিক চাঁদ বা জ্যোৎস্না নয়,অনেকটা চাঁদ বা জ্যোৎস্নার মতো, আসল নয়। নৈঃশব্দ্যকে না পেলে ওদের পাওয়া যাবে না। 

রাত তিনটে, আমি এইসময় একা একা নৈঃশব্দ্যকে খুঁজি, মনে হয় দু দণ্ড ওর পাশে বসি, দূরের চাঁদ আমার দিকে তাকিয়েই আছে, নকল চাঁদ আর নকল  জ্যোৎস্না,মেনে নিতে হবে, মেনে নিতে হবে তোমাদের ততদিন যতদিন না স্মৃতি আর ক্যাকোফনিকে ডিলিট করতে করতে একসময় নৈঃশব্দ্য আমার পাশে এসে বসে... 



|| কোজাগরী সংখ্যা ≈ অনিন্দ্য দত্ত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
অনিন্দ্য দত্ত



মহাজনপথ

বহুদূর হতে বহুদূরে
মহাজন পথ চলিয়াছে
বিজর,চেতন, অচেতন
তবু যেন কোথা
রয়ে গেছে নিয়ন্ত্রণ 
কোনো এক অভিষ্ঠে
কোনো এক সূর্যপথে 
যাবে বলে
চলিতেছে তারা
সন্মূখে, পশ্চাতে
অক্লান্ত  পাহারা
তাহাদের উঠ,হাতি, ঘোড়া
ক্লান্তিহীন  উদ্দেশ্যবিহীনতায় চলে যেন কোনো যাদুদন্ডে
নিয়ন্ত্রিত, বিজড়িত, পারত্রিক বলে
তাহাদের নারী,শিশু  পশম 
মাংস আর মধুর ভান্ডার
বিনিময় যার 
যাবে পাওয়া 
জমিখন্ড, রাজদণ্ড  শাসনের ভার
বিজিত প্রজাতির  হাহাকার।
মরুভূম জুড়ে কলরোল
পরাজিত,দিশাহারা,  হেরো মানুষের , ফাটা ঢোল
মধুবর্ষণের মতো, আসিয়াছে 
তাহাদের  কানে
নতুন নারীর  কঞ্চুকি ছিঁড়ে 
দুইহাতে তাহাদের বর্তূল 
স্তনদ্বয় দাবাতে
এইখানে স্কন্ধাবার তারা পাতিয়াছে

২) 

রানী,দাসী, রাজকন্যা, গণিকার 
কোনো  ভেদ নাই
সকলেরই যন্ত্র এক
খোলা যোনী
দুটি হাত পিছমোড়া
মুখের গভীরে বস্ত্রখন্ড সজোরে বোঝাই।
সংশয়ে,সন্তাপে তারা
সারল্যের পরে শুইয়াছে
তবু তারা অন্তরে বুনিতেছে আশা
বিজয়ীর সন্তানের নুতনতর ভাষা
একদিন তাহাদের শান্তি  দিবে।
অবিরাম  চলা হবে শেষ 
সবুজ  ঘাসের সেই  দেশ
মেষপালকের বহুপ্রসবা মাংসপূর্ণ 
রাজকীয় মেষ
ভয়াল দেবতার উৎসবে তারা
উৎসর্গ করিবে তাদের
অকুন্ঠ, পবিত্র রক্তধারা
পশ্চিম নিলীমার
আবার আসিবে রাত্রি
অযুত নক্ষত্রের শোভা লয়ে
বাধাবন্ধহারা।


|| কোজাগরী সংখ্যা ≈ ভজন দত্ত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
ভজন দত্ত


বাস্তুতন্ত্র

আগাছায় বাস্তু ভরে গেলেই কি বাস্তু ছেড়ে যাওয়া যায়!ভাতের হাঁড়ির পাশে সরীসৃপের আনাগোনা!সহবাসীরা জানে, কে এখন কার পাশে জেগে কিংবা শুয়ে-বসে আছে!
কে খাবে ছোবল,কে মুখে তুলবে খাবল,কে তুলবে পটল,কেইবা হবে খাদ্য আর কেইবা হবে খাদক!

পা তুললেও মরণ,পা নামালেও মরণ! 
পাপা ও পাপা! মাটি ও মাটি,মানুষই খাঁটি এলিয়েন, পৃথিবী তো যত গাছ-আগাছার!লুটেরা মানুষ লুটেছে  ভাণ্ডার। 

মাটিতে পা রাখলেই যদি মাটির মানুষ হওয়া যেত তবে পৃথিবীটাও যথাযথ বাসযোগ্য বাস্তু হয়ে উঠত।
আগাছা নির্মূল নাহোক, আগামী বর্ষাতক ওদের বাড়বাড়ন্ত থামানোর পারিবারিক পরিকল্পনায়
দা,কাটারি উঠে আসুক হাতে। 

গাছেদের ভিটেয় ঘুঘু চরানোর তাল করে যারা, 
বনসৃজনের বক্তৃতায় তারা তো  মড়াকান্না জুড়বেই...


|| কোজাগরী সংখ্যা ≈ সুবল দত্ত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা 
সুবল দত্ত 


সুবল দত্তের কবিতা 
কেন যে কলসী ভরে দিলে তুমি চেয়ে দেখ কেউ বেঁচে নেই
ঘাসে আলজিভ মোহে পড়ে আছে তাই বুঝি জল প্রয়োজন!
কাহিনী এখানে শেষ হয়ে গেল থামো সীমানায় খর চপার
কুচিকুচি মেঘ ঘেয়ো রাজনীতি এখনো দলিলে মাটি মায়া?

নিজ কাঁথা ছেড়ে নদী ভুলে এলে জুয়াতে কামিনী কাঞ্চন 
যে যাই বলুক পেটে ভয় পায়ে গ্রিজ তেল প্রাণ অসফল 
বন্ধুর কাছে সুতো জমা আছে দিনগত পাপ বেড়ে চলা  
কে দেয় ভিটেয় পুষ্পাঞ্জলি লুণ্ঠনচেতা সাঁঝ প্রদীপ
 
মাড়িয়ে শরত্‍ ভিন্ন গালিচা কোথায় যে পেতে বসবে     
জ্যোত্স্নাতে কেন মাখালে আতর আমিও ঈশ্বর ভুললাম           
ইতিহাস বড় ফাঁপানো বেলুন উড়ছে কাগজ পুড়ছে 
শ্মশানের কোনো ভবিষ্যতে তুমি আমি কেক কাটছি

আমার হয়েছে বড় জ্বালা বলো কাকে রেখে ভুলি নিজেকে 
তুমি জানো কোন ছিদ্রে ঢালবে মহাজাগতিক মিথ্যা
 ২
বরফ সাদা এলুমিনিয়ামের উপর রূপোর কারুকাজ শীর্ষ 
এই ধাতু শীর্ষ নিসর্গে যে জল ছিল সে কথা তো বলোনি? 
ওয়াণ্ডারফুল! এক্সাইটিং!
আমি দৃশ্যটি অদৃশ্য নাট বল্টু দিয়ে অস্তিত্বে স্থির করলাম
তার উপর ছড়িয়ে দিলাম কিছু ফল ফুল পূজো উপচার 
এবং শস্য বীজ,এর উপর হবে প্রভুর ভাব রমণ 
যেখানে নিষিদ্ধ রমণ সেখানে সৃষ্টির বীজের রোপণ দরকার
সুগন্ধি ওয়াস দিয়ে ধুয়ে ফেলি 
শস্যের গন্ধ বাসনকোসন আর একদম নেই
নেই কৃষকের আত্মদহের গল্প 
গারবেজে আলুর খোসার উপরে সি সি টি ভি ফুটেজ মেমোরি!!
পুড়িয়ে ফেলতে যাই অবশিষ্ট অপরাধবোধ 
ধ্যাত!! কবে হজম করে ফেলেছি
যা কেলো ! মাথায় করে বয়ে বেড়াতে হবে? 
চারঘণ্টা হয়ে গেল দিগন্তের সূর্য এখন বিদেশ সাগরে 
তাহলে সেই ছায়াগুলো?
সেই ধুলো আর আগুনের দেশপ্রেম ছায়া? কোথায়?
তাহলে কি চুমু?
সেই আগ্রাসী থুতু বিষ প্রেমিকার শরীরে? গর্ভে? 
ওই লোকগুলোকে দেখি বেশ 
ওদের মায়ার সংসারে বড় ফুলের অভাব
কিছুই করেনা তবু সর্বাংগে ঈশ্বর মহিমা? 
খেঁকি ঘেয়ো পরিপাটী চালাক ভদ্র মাটিতে পা  
রোজ রাতে আমার বিছানার পাশে বিকট ভজন রমণ 
আমার বউকে আর আমাকে না ছুয়েই 
বেশ কবার ধর্ষনে রোজগার করে   
আমার ভাই ওসব সয়ে গেছে 
ওরা যা বলে আমি স্বীকার করে নিয়েছি
ওরা বলে বিন্দাস থাকো 
অচিরেই তোমাদের সাহিত্যকর্ম রসাতলে যাবে


|| কোজাগরী সংখ্যা ≈ বঙ্গ রাখাল ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
কোজাগরী সংখ্যা
বঙ্গ রাখাল


গন্তব্য বহুদূরে...

আজ কাল কয়েকদিন পার হলেই কি যেন মনে হয় সেদিন তুমি বলেছিলে শহুরে হও, আমি হতেও চেয়েছি কিন্তু বাবা? না, বাবাকে ভুলতে নয় বাবাকে নিয়েই শহুরে হব তুমি আমার পাহাড়ের পথ দেখালে, আমি কিন্তু পাহাড় চিনি না পাহাড়ে বোধ হয় যাওয়া হবে না; কিন্তু কেন বা কিসের জন্য তা বলতে পারব না তুমি সমুদ্রের কাছে যেতে বলেছিলে  আমিও মনে মনে ভেবেছিলাম সমুদ্রে যাব সমুদ্র হব বাবা মা আমায় ছেলেবেলা সখ করে নাম রেখেছিল সমুদ্র আমি সমুদ্র হব আর তুমি  হবে তার জল

তোমার বাড়ির পথ ভুলেছি। যেপথ ধরে তুমি রোমের পথ খুঁজে চলেছিলে। আমি পথের বাঁকে বাঁকে তোমার ক্লান্ত ঘামের ঘ্রাণ পেয়েছি। রোমের রাজপথ আর আমাদের গ্রামের প্রজাপথ ঠিক একই। কোন পার্থক্য নেই। আছে শুধু শোষণ করে জীবন খনিজ নেয়া...

আমি পথ হারানো মানুষ -পথ হারাই। আবার নতুন পথও পেয়ে যাই। মাঠে যাই, সমুদ্রে যাই। আকাশের দিকে চেয়ে আকাশ হব ভেবেছি, সমুদ্রের কাছে যেয়ে ভেবেছি সমুদ্র হব। কিন্তু বাবা বলতেন এদের চেয়েও বড় হও।

পথ হারাবো বলেই তো পথে নেমেছি, পথ না হারালে নতুন পথের সৃজন কেমনে হবে। তোমার বাড়ির পথ ধরেই হাঁটব। তুমি মোড়ের মাথায় ঘামমেখে চেয়ে থেকো আমাকে তোমার করে পাবার প্রত্যাশায়... আমি কেমন করে তোমার হব বল, আমি যে সবার। আমি যে ভোগীর চেয়ে বড় বেশি ঋণী।

আমি গন্তব্যের পথ ভুলেছি, চলতে হবে দূর হতে বহু দূরে...