Friday, 30 April 2021

এপ্রিল সংখ্যা ≈কবিতায়- আমিনুল ইসলাম

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

  ১গ্লাস মসৃণ-ষড়যন্ত্র       আমিনুল ইসলাম



অজস্র খিদে নিয়ে ধান বাড়ছে
পুড়ছে সবুজ শৈশব
রোদের ঠোঁট বিড়ি জ্বালে
মসৃণ আ রা ম ~
ধিকিধিকি তুষ উসকে
তুলোধোনা এই বুক!

হারানো রহস্যের কিনারা অতল
নিরপেক্ষতার কেন্দ্রবিন্দুই
ত র ল
দ্বি-মনা ষড়যন্ত্রের হাওয়াকল

ফু র ফু র
অভিসন্ধির পারদ
পোস্টট্রুথ আলোয় জোনাকি
মিটিমিটি সূর্যের বিনির্মান

পারতপক্ষে ১গ্লাস সন্ধ্যা
ভরে নাও!   তৃষ্ণার করুণ ঠোঁটে... 





এপ্রিল সংখ্যা ≈ ২টি কবিতায়- নবকুমার শীল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

নবকুমার শীল 


পেছনে গোধূলির গাঢ়তা 

যে বাড়িটা দেখাবার চেষ্টা করছি  
বয়স ২০০ হয়নি , কারণ যত্ন করা হয় !  
সিড়ি গুলোর ধাপ এখনও গভীর ভাবে ক্ষয়ে যায়নি । 

নিশ্চিত , বুড়ো সিংহের দাঁত পড়ে যাবার মতো করে খসে খসে যাবেই  

পৃথিবীতে এরকম বাড়ি আর কখনওই নির্মিত হবে না ।  

কিছুই আর কখনও ফিরে পাবো না বলে একটু কাতর এমনকী বিভ্রান্ত , 
এদিকে আলগা হয়ে আসা মাথার চুল ,ভুরুর চুল উড়ে চলে যাচ্ছে । 

অতক্ষণ যে বাড়িটা দেখালাম একশোরও অনেক কম বয়স !

পাখিরাই ডাকে

পথের দু'ধারে বিশাল অশ্বত্থ আর তেঁতুল গাছ এ চোখ বহু দেখেছে , তবে 
এমন চোখ দেখলাম এই প্রথম বুঝতে পারছি না কোন ভাষা ভাষির লোক ! 

চোখের সামনেই একঝাঁক নয়নতারা কী একটা সুর যেন গুণ গুণ করে ওঠে যেন অলবামে আঁটা ছবি ।

রাজা হরিসভায় কাউকে গ্রহন করলে পার্ষদদের কিছু বলার থাকে না , 
কে যেন তীব্রভাবে বলে ওঠে তোমাকে দরকার নেই । 
এর ফলে দৃষ্টি শক্তির একটা অদ্ভুত সমস্যা তৈরি হয় । 

এখানেও ঠিক তাই হল , মন খারাপ । মনখারাপের কারণে শরীরটা আরও খারাপ হয় । 

সেই দুর্দান্ত স্মতিগুলো হারিয়ে গেল আর কারা যেন বার বার ডাকে ... !





এপ্রিল সংখ্যা ≈কবিতায়- নীলাব্জ চক্রবর্তী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

আয়না ঘষতে ঘষতে      নীলাব্জ চক্রবর্তী



আয়না ঘষতে ঘষতে

এই ঋতু

একদিন ভ্যালেনটিনা হবে

ফ্রি ফর্মের কবিতা

প্রতিফল

অর্থাৎ

এক ভাষা বিনিময় কেন্দ্রে

লাল একটা নীল

বরফ কোনও অভিজ্ঞতার নাম হয়

আমাদের আঙুলে

চমকে ওঠার দাগ প্রতিদিন

ক্যামেরা ঘটতে থাকে

সবার চোখের কাছে

পরপর দুরারোগ্য স্মৃতি ও পালক

রিপিট করে

আয়নার এই সিনট্যাক্স...






এপ্রিল সংখ্যা ≈ কবিতায়-নার্গিস পারভিন

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ধূসর অব্যয় নার্গিস পারভিন


'কার্নিশ' শব্দটাতে তোমার পক্ষপাত প্রমাণিত বহুবার, 

আমার 'সিঢ়িনূমা'। 

যদিও গুরুচণ্ডালী দোষের কথা তুমি তুলেছিলে বারবার, 

আমি কান দিইনি। 


তোমার রেজালা আর পরিবেশিত হয় নি আমার প্লেটে শেষমেষ। 

আমি কিন্তু তোমাকে প্রত্যাখ্যান করিনি, 

তবুও গুছিয়ে আর কিছুই বলা গেল না! 

'যদি', 'কিন্তু', 'আসলে'- এগুলো আজ থাক।


সেভাবে দেখতে গেলে, আগে যেমন ছিলাম তেমনই আছি।

তেমনই দণ্ডায়মান, পাহাড়ের কোল ঘেঁষে সেই ছোট্ট মঞ্জিলটিও।

যার প্যারাপেটে কনুই ঠেকিয়ে উবু হয়েছে কত কত কবিতা!

   

একটা  বিরক্তিকর,বেসুরো ধূসর পাখি সিঢ়িনূমা ক্ষেত বিদীর্ণ করে ডেকে চলেছে খুউব!





এপ্রিল সংখ্যা ≈কবিতায়- দীপিতা চ্যাটার্জী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

মুহূর্ত যখন অনন্ত    দীপিতা চ্যাটার্জী



বছরের অন্তিম লগ্নে পড়ন্ত বিকেলের বিষাদী সুর ছিল খানিকটা সরদে বাজানো রাগ কেদারের ,
সবাই যখন শুভকামনার বার্তা এঁকেছিল নিজ নিজ রঙে,
আমি তখন কল্পনা করি সেই মুহূর্তকে,
যা মুহূর্ত হয়েও অনন্ত
নতুন আশার গায়ে পরশ লেগেছিল আগামী সমস্ত শুভেচ্ছা বার্তার।
আলোকাছন্ন  আকাশে খুশির উল্লাসে মিশেছিলো পুরাতন স্মৃতির জানাজা
আনন্দবার্তার আবাহন করে ,অবসান ঘটলো প্রতীক্ষার
তুমি এলে, আগামীকে সঙ্গী করে

স্বপ্ন দেখি, কল্পনা গুলো সাজাই 
রাতের পর রাত ভাসানো ভালোবাসার অকুলপাথারে
ধরা দিয়েও অধরা , তবু রইলাম সঙ্গোপনে
পুরাতনের স্বাদ নিয়ে স্বাগত জানাই আগামীকে




এপ্রিল সংখ্যা ≈কবিতায়- জারা সোমা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ক্রীড়নক        জারা সোমা


অন্ধকার আড়াল রাখলেও রয়ে যায় দায় 
আলপথের নাবালে অপেক্ষায় উত্তরাধিকার

    গুরুকুল থেকে উপজীব্য স্বরের কথাকলিতে
সুমন্ত্রগুলো কালক্ষেপণে  হয়ে ওঠে মন্ত্রণা

   কালো কুঁজ উগড়ে দেয় জমাট হলাহল
      অথচ চাঁদের তামাশা সর্বত্র দৃশ্যমান

রাত পোহালেই শুরু রমজান মাসের
  তবুও লুকোনো ক্ষত ফুঁড়ে দেয় আলেখ্য

     সমতা কেবল দাঁত দেখায় সংবিধানে

ক্রীড়নক হতে হতে মগজহীনতায় মেনে নিই
সংঘ আলোচনা এবং মানবতা সহাবস্থানের খিল্লি।





এপ্রিল সংখ্যা ≈কবিতায়-সায়ন্তনী হোড়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

দুপুরের অভিসন্ধি      সায়ন্তনী হোড়



ভেজা যতিচিহ্নের আতর মেখে এক একটা দুপুর বসে থাকে শূন্যতার অপেক্ষায়
খোলা জানালা, মোহময় রিংটোন মিলেমিশে এক রোদেলা ছক কষছে প্রতিনিয়ত
যেখানে একাকীত্বের  প্রবল পিছুটান

ল্টো
বি
কাঠগোলাপের স্বপ্নে ফুলেদের খুশি স্পষ্ট হয়ে উঠেছে

তবুও  রঙিন আলোর মাঝে মাঝে
সন্ধ্যার প্রদীপের তীক্ষ্ণতা ক্রমশ উঠোন পেরিয়ে শিকড়ের দিকে এগিয়ে যাচ্ছে...






এপ্রিল সংখ্যা ≈কবিতায়-রোনক বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা || 

ছল     রোনক বন্দ্যোপাধ্যায়


মৌসুমী বায়ুর খামখেয়ালীপনায়
বর্ষায় ছেদ পড়ে কখনও,
অপেক্ষা করি প্রথম বৃষ্টিফোঁটার
পশ্চিমী ঝঞ্ঝা ঢেকে দেয় পৌষের শীত

সম্প্রতি সঞ্জয় দত্তের 'খলনায়ক' দেখা হল,
ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে এল মীরজাফর;
'মায়ার খেলা' দেখে ফিরি সংসারজীবনে,
কানামাছি খেলতে গিয়ে সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে

শার্টের কলারে পিন, নিয়মানুবর্তিতা শেখায়
ঘুমন্ত শিশুটির প্রশ্বাসবায়ুতে ভরে দেয় অ্যাসিটিলিন
স্নিগ্ধ প্রেমিকার খোঁপায় শুয়ে আছে চিতি সাপ,
খেলিয়ে খেলিয়ে ফাতনায় গেঁথে যায় মাছ,
'লু' বয়, তোমার আমার শুষ্কতার কথা বাতাসে ভেসে বেড়ায়

গল্পের ব‌ই পড়ি, চৌকিদার হেঁটে যায় বাড়ির পাশ দিয়ে
সিসিটিভি, মজবুত লোহার গেট ছেড়ে
গোপন দরজা দিয়ে ঢুকে পড়ে রাজমিস্ত্রির পোষমানা লোক।






এপ্রিল সংখ্যা ≈কবিতায়-দেবাশীষ মুখোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ভেসে চলা     দেবাশীষ মুখোপাধ্যায়
 

নির্জনতাকে ছুঁয়ে বসে
জলকেমন পানে
কোলাহল কবরে মৃত
শুকনো কদম জানে

ছেয়ে গেছে শূণ্যতা
খোলশছাড়া ঘ্রাণে
মৃত্যু বলয় কৃষ্ণ হয়ে
মাদল পাগল টানে

বুকের ওপর শিশির সূর্য
পাঁজরে হরিৎ চাষ
কাল শুধু সময় গোনে
জীবন বছর মাস





এপ্রিল সংখ্যা ≈কবিতায়- গাফফার মাহমুদ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

তোমাকে লিখছি মেয়ে, হেমলকগদ্য 
গাফফার মাহমুদ


এই তপ্ত রৌদ্র দিন ; নদীতে পাল তোলা নৌকার বদলে দখল করে আছে যান্ত্রিক ট্রলার। তুমিও বেমালুম ভুলে থেকো এই পথ ; ভুলে গেছো বিস্তরতর আমার কথা এবং আমাকেও! তোমাকে দখল করে নিচ্ছে অবিশ্বাস ; অহংবোধ এবং আত্মকেন্দ্রিকতায় গ্রাস করছে তোমার যাবতীয় মূল্যবোধ। ক্ষয়িষ্ণু চেতনাবানে যে পথে পা রেখেছো, ভুল সে পথ! স্মৃতিগদ্য নস্টালজিক রৌদ্র করোটিতে আজ দারুণ অন্ধকার। চৈত্র কি আর অতটা খরা, কতোটা ফেঁটে চৌচির হয়েছে ফসলী জমি? জমাট বেঁধে আছে বুকের গ্রন্থিলপেশী! হেমলকদ্রবণ লেপ্টে আছে লোহিত বুকের পাটাতন। পাড়াময় বলাবলি। লোকমুখে কতো কথা ; কথার কথা-কতো যে কথা! বিস্তীর্ণ পথ, দু'পা ফেলতেই কানাঘুষো ; ও পাড়ার মেয়েদল, ছেলেদল গাইছে টিপ্পনী গান। নদীতে যান্ত্রিক নৌকোর ন্যায় দখল করছে তোমাকে ; অথবা দখলদারিত্ব হবার সুযোগ করে দিয়েছো ওদেরকে তুমি! এ তপ্ত অতীষ্ট দিনে বিস্তর লেখা হয়তো পড়বেনা তুমি। ভুল কথা ভুল পথ, যেখানে টেনেছো মনের দ্বৈরথ ; তুমি কী ভুলে গেছো মেয়ে, স্মৃতিরুমাল ভাঁজফুল উষ্ণ বিকেলের অস্ফুট কবিতা! 





এপ্রিল সংখ্যা ≈কবিতায়-হারুন আলী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

সূর্যমুখী     হারুন আলী 


একনাগাড়ে তাকিয়ে থাকায় অভিমান করেছে আরেক সূর্যমুখী
আঁধার নামিলেই ঘুমিয়ে পড়বে সে,আবার কখনো হাসবে কি !

মনে হল একখানি ফুল ছিঁড়ে, বেঁধে দেবো চুলের খোঁপায়
মাটিতে জনম যার,তার কি সাজে বসে থাকে সোফায় ?

থাক,ছেঁড়ো নাকো; ঘুমোক সে,হোক শান্ত
সারাদিন মুখ চেয়ে ছিল,ক্ষুধার্ত নয়তো ক্লান্ত ।







এপ্রিল সংখ্যা ≈কবিতায়-আরিফুল হাসান

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

 নিজ দেশে নিরুদ্দেশে     আরিফুল হাসান


তোমার একটি হাত মাধুরীর ছোঁয়া
অরুণ আলোর ভোরে লিখে দিলো চম্পা -চরণ
যদিও নিবিষ্ট মন এসবের বাইরেই থাকে
কাঠগোলাপের ফুলে ছায়াছবি আঁকে।

একান্তে কী কথা বলবে বলেছিলে
তারপর একটানা কবিতা শোনালে

বলতে আর পারলে তুমি কোথায়?
তুমি আমি মেতে যাই জৈব রসায়নে
এভাবেই একা একা ঝরে ফুল
ঝরে পড়ে কুয়াশা; মানুষের দিন চলে যায়।





এপ্রিল সংখ্যা ≈কবিতায়-অনামিকা নন্দী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

 আবার আসবো ফিরে     অনামিকা নন্দী


চলতে চলতে হঠাৎ দেখি হারিয়ে যাওয়ার ভয় এসে বাসা বেঁধেছে মনের চোরাকুঠুরিতে,
যাপিত জীবনে হারিয়ে তো যায় কতকিছুই...
ছোটবেলার খেলনা  জলছবি,বয়ঃসন্ধির চিঠি,
হারিয়ে যায় রাস্তার মোড়ে মোড়ে ফেলে আসা সম্পর্ক, 
মুছে যায় অসংখ্য আদরের সম্বোধন....
মুঠোভরে আটকে রাখা কথারা অসতর্কে কখন যে অনামিকা থেকে খসে পড়ে যায় নদী জলে..
ভালোবাসার শেষ আভাটুকু মিশে যায় দিগন্তের ওপারে।
মহাশূন্যের কোনও দূর বিন্দুতে থাকে ফিরে পাওয়ার চাবিকাঠি,জেনে রেখো 
"উপকথার ফিনিক্স পাখির মতো আগুন পোড়া ছাই থেকে আবার নতুন করে উঠে আসবে আমার অস্তিত্ব 
" হয়তো খানিক বদল হবে তা বলে চিনে নিতে ভুল কোরো না..… 



এপ্রিল সংখ্যা ≈কবিতায়-অনঞ্জন

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ঝড় থামলে      অনঞ্জন

প্রকাণ্ড এক ঝড়ের মাঝপথেই হঠাৎ ঝড় থেমে গেল,

তাই একটু আলো দেখা গেল অন্তত,

আমার প্রশ্ন করার অনুমতি ছিলনা,

যদিও ও ছিল আমারই ঘর-

লণ্ডভণ্ড, আছাড়ি-পিছাড়ি- ঝড় উঠল আলোতে-ধুলোতে,

ছিটিয়ে, ছড়িয়ে গেল সবই-

ভাঙা কাঁচ, দরকারি কাগজ,

একদম উলটে যাওয়া দেরাজ,

যত ধুলো আর কিছু স্মৃতি,  

একটি একটি করে তুলতে লাগি, সরাতে থাকি স্তূপাকার ধুলো,

ধুলোর ধারনা কেবল স্মৃতি,

আর ওই নিশ্চুপ বসন্তেরা,

দেখি ধুলোরা সবাই দরকারি,

ধুলোদের পাশে বসে থাকি

ঝড়শেষের সিঁদুরে আলোতে সব কান্না থেকে যায় বাকি





এপ্রিল সংখ্যা ≈কবিতায়-অমৃতা চট্টোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

সহজ    অমৃতা চট্টোপাধ্যায়


সহজ হয়ে সামনে দাঁড়াও কিন্তু 
সহজ কি  হওয়া যায়! 
সহজ  তোমার  সহজ  আমারও
তবু সহজ কিছু নেই 
ওটা হলেই মনে থাকবেনা
ফুলের বেড়ে ওঠা ,পাখির শব্দ 
দুই- ই  আলাদা
একটা চড়াই আর একটা চড়াই এর থেকে
আলাদা ভাবেই ডানা ঝাপটায়
দেখছ কি ওই সহজটুকু?
আসলে আমরা কেউ ই সহজ দেখিনা
যা দেখি তা সহজের মত কিছু একটা!





এপ্রিল সংখ্যা ≈কবিতায়- জি কে নাথ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

গাছের জঙ্গল        জি কে নাথ


সাদামাটা কাগজের এক প্রশস্ত ঘুমের দূরত্বে না উচ্চারিত জিভ ভেসে এসেছে 
শিশুমাটির কঙ্কালে 
সমুদ্রকান্নার ডুবো পাহাড় থেকে উঠে এসেছে আবাহনের মুখ 
                    তোমার সতেজ মুখে
 মুখের লাজুকসবুজ 
                                   ঢেউয়ে 
একটানা হাতে অর্ধেকের অর্ধেক 
   দুঃসহ শেষ ইচ্ছেটুকু এ জন্মে ঝেড়ে রেখেছি ফুলের ঈশ্বরের দিকে অস্বরের ঈর্ষায়
রুগ্ন জন্মের বৃষ্টিবর্ণ নীরবতায়
 মেঘলা জলের সকাল ভেসে যায় শান্ত
অপরিচিত পরিত্রাণহীনতায়
খনিজের শুকনো অন্ধকারে হারিয়ে গেছে শরীর যাঁরা টেনেছিলো শব্দের স্বাদে দাঁড়
আরও দূরে নিদারুণ তাসভাঙা স্মৃতির ক্ষয়ে যাওয়া দাঁতে ফেটে গেছে
                 বুকের খাঁ খাঁ তরঙ্গস্রোতের বুদ্বুদ
পিছিয়ে আসা যাবতীয় শীতল ধ্বংস কাঁধের সারাটা দিগন্ত 
জাড্যহীন দূরত্বে 
    অন্ধকারের 
ক্ষুধা জ্বলা রাতে মাটিজোনাকির ওড়াউড়ি আসলে ক্ষিপ্র প্রতিবেশী
ভয় ও উৎকন্ঠার লাশকে বুকে ধারণ করে ছিলাম এতকাল বুঝতে পারতেই হাত বাড়িয়ে দিল অভিশপ্ত যন্ত্রনা 
 তোমার দৃষ্টি হোক সফল
ঘরময় শেফালীর গন্ধে ভরে উঠল নিম্নলাজ শাদায় শাদায় 
ছিঁড়ে পড়া শস্যবিদ্যুৎ ক্ষেত বরাবর কাত হওয়া আমার ডান দিকের শরীরে নিঃশ্বাস পড়ে ক্রমে বুঝতে পারি
এ জোছনায় জলনাভির নৌকায় 
ভেসে উঠবে মাছ
মরা মাছ
        টাকায় ভরা অভাবী রুপোর কৌটো!
পুনর্বার এখন গভীর জলে নিঃশেষিত  উদ্ধারহীন তারার দ্বীপে খুলে রাখি আর্তনাদের হাঁ মুখে ঈষৎ লোনা গ্রাম-শহর বিরোধী দলীয় খুঁটিপুজো
সমস্ত চলাচল ছেড়ে এরম রাতের নিঃশব্দে হারিয়ে যায় খেটে খাওয়া রোগা শব্দের শেষ নিশাচর লোকাল ট্রেনটা 
যেন শিকড় ছিঁড়ে শিকড়ে 
       আমরাই অবহেলিত হয়ে আছি 
অথচ 
                সারা বাড়ি এখন গাছের জঙ্গল ।





এপ্রিল সংখ্যা ≈কবিতায়-মোহনা মজুমদার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || এপ্রিল সংখ্যা ||

ইছামতী     মোহনা মজুমদার



যতটা বন্যতায় মানচিত্র এঁকে রাখো
প্রজাপতির ডানায় চেপে-
ততটাই যত্নে প্রেমিকার বুকে লিখে রাখো বিষন্নতা
নীলচে গালিচা জুড়ে ছড়িয়ে থাকা বুনো অর্কিড
ভেসে যায় ইছামতীর ঘোলাটে জলে -
স্তব্ধতার ভেতরেও যে আর্তনাদ প্রেমিকের ছোঁয়া খোঁজে-
তাকে লুকিয়ে রেখো ডিলিটেড ম্যাসজের ভীড়ে -
গোধূলি আলোয় রাঙা হোক রেসিকনেশন লেটার
উল্টে পাল্টে যাক ত্রিকোনোমিতির শেষ ধাপ ।

কিছু ব্যাথারা অব্যক্ত, কিছু শুন্যে আবহমান ।
রয়ে যাওয়ার ভেতর যেভাবে কিছু সমঝোতা
সালোকসংশ্লেষ ঘটায় ,
একটা একটা দিন ফুরিয়ে আসে ,
জমে থাকা কিছু আবর্জনা বহন করে নিয়ে যায়
শেষ পর্যন্ত !
কথা ফুরোয়,তবু রয়ে যেতে হয় ,মুখোমুখি-
মাঝে রয়ে যায় একগুচ্ছ ছুঁতে না পারা হিসেব ।
প্রয়োজনীয়তা আর ঐচ্ছিকের মাঝে যতটা দূরত্ব
মাঝে পড়ে থাকা কিছু উপস্থিতি আর অস্তিত্বের লড়াই -
যেটুকু অনুভূতি অবশিষ্ট আছে তাকে আজ
ভাসিয়ে দেবো ইছামতীর ঘোলাটে জলে ।




Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ সম্পাদকীয় নয় কিন্তু ✪ অভিজিৎ দাসকর্মকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  অভিজিৎ দাসকর্মকার  

সম্পাদকীয় নয় কিন্তু

আপনারা মল্ল সাহিত্য ই-পত্রিকার প্রথম সংখ্যা থেকে যারা এখনো অবধি লেখা দিয়ে পত্রিকাকে এগিয়ে নিয়ে যেতে পারার সাহস এবং প্রশ্রয় দিয়ে চলেছেন,তাদের সকলের কাছে অশেষ ভালোবাসা। আপনাদের এইভাবে পাশে থাকায় মল্ল সাহিত্য ই-পত্রিকা তৃতীয় বছরের জার্নিতে সরিক হলো। আমি সম্পাদনা করি এই ই-পত্রিকাটির,কিন্তু সবসময় বলি,কারণ বিশ্বাস করি, এই প্রয়াস শুধু আমার একার নয়,আমাদের সকলের। তাই ভালোবাসার সাথে সঙ্গে থাকুন। পড়তে থাকুন। ছড়াতে থাকুন নিজেদের লেখার লিংক শেয়ার করে।এতে আপনার লেখা সহ পত্রিকাটি ব্যপ্ত হোক প্রতিটি কোনায় ---